সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুসহ নিহত ৩, আহত ৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর সদরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে খুঁটিগাছা–মহিষলুটি আঞ্চলিক সড়কে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে গরুবাহী ভটভটির ধাক্কায় অটোরিকশার দুই শিশু যাত্রীসহ তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়ার রফিকুল ইসলামের ছেলে জনি (১০), মেয়ে তুবা খাতুন (৮ মাস) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন (৫২)।
আহতরা হলেন—রফিকুল ইসলামের স্ত্রী জান্নাতি বেগম (৩৫), মেয়ে মালিশা (৭) এবং অটোচালক মুকুল হোসেন (৪৪), তিনি আব্দুল হালিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে গরু বোঝাই একটি ভটভটি বেপরোয়া গতিতে নওঁগা হাটের দিকে যাচ্ছিল। পথে এটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাইফোত হোসেন ও শিশু জনি নিহত হয়। আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু তুবাকেও মৃত ঘোষণা করেন।

তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাজেদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তিনজন মারা যান। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, তাড়াশ পৌর সদরের দক্ষিণপাড়ার রফিকুল ইসলাম স্ত্রী জান্নাতি বেগম, ছেলে জনি (১২), মেয়ে মালাফা খাতুন (৮) ও কনিষ্ঠ মেয়ে তুবা (৮ মাস)–কে সঙ্গে নিয়ে সকালে অটোরিকশায় করে শ্যালিকার বিয়েতে যোগ দিতে পাবনার চাটমোহর উপজেলার সমাজ গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। উলিপুর ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে বেপরোয়া গতিতে ছুটে আসা গরুবাহী ভটভটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুই সন্তান হারিয়ে বাবা রফিকুল ইসলাম ও মা জান্নাতি বেগম নিহত সন্তানদের লাশ বুকে জড়িয়ে ধরে আহাজারি করছেন। তাঁদের কান্নায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”