সোনাগাজীতে ৬ পুলিশ সদস্য বরখাস্ত

ফেনীর সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হওয়া ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

শটগান ও ওয়াকিটকি খোয়ানোর ঘটনাকে অযোগ্যতা বিবেচনায় বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন সোনাগাজী মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন, কনস্টেবল মাহবুব আলম, আইনুল করিম, কাঞ্চন ও হৃদয়। তাদের ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ওই পুলিশ সদস্যরা আসামি ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন। উল্টো শটগান ও ওয়াকিটকি ফেলে চলে আসায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’