পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ হামলায় এক এসআইসহ দুজন আহত হয়েছেন। হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর শহরের সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন মিয়াকে আটক করে। পুলিশ লিটন মিয়াকে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।