শেষ মুহূর্তের গোল হজমে হার—এমন ফল বাংলাদেশের ফুটবল সমর্থকদের হৃদয়ে দাগ কেটে দিয়েছে। জয়ের স্বপ্ন দেখেও পয়েন্ট ভাগাভাগির আশা পূরণ হলো না লাল-সবুজের ছেলেদের। রুদ্ধশ্বাস সেই ম্যাচে শেষ হাসি হাসল হংকং, চায়না।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে হাভিয়ার কাবরেরার শিষ্যরা হেরেছে ৪–৩ গোলে। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার পর পিছিয়ে পড়ে, আবারও দারুণ প্রত্যাবর্তনে সমতা ফেরায় জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরিরা। কিন্তু নির্ধারিত সময়ের একদম শেষ সেকেন্ডে হংকংয়ের গোলেই স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।
শেষ বাঁশি বাজার পর মাঠে বাংলাদেশের ফুটবলারদের মুখে ছিল কেবলই অবিশ্বাস ও হতাশা। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরি সংবাদমাধ্যমকে বলেন,
“এটা এমন এক ম্যাচ, যেখানে এখনো বুঝতে পারছি না কীভাবে অন্তত এক পয়েন্টও পেলাম না। আমাদের এক পয়েন্ট পাওয়ার যোগ্যতা ছিল।”
তবে হার সত্ত্বেও দলের অগ্রগতিতে আশাবাদী হামজা, "ভাঙা রেকর্ডের মতো শোনালেও সত্যি বলতে আমরা উন্নতি করছি। আজকের ম্যাচে অনেক ভালো খেলেছি। ফলটা আমাদের পক্ষে না এলেও পারফরম্যান্সে উন্নতি হয়েছে।”
এই হারে কার্যত এএফসি এশিয়ান কাপে খেলার আশা প্রায় শেষ বাংলাদেশের। মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান জামাল ভূঁইয়াদের। অন্যদিকে, তিন ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে হংকং, চায়না।
তবু আশা ছাড়তে নারাজ হামজা। তাঁর চোখ এখন পরের ম্যাচে, "চার-পাঁচ দিনের মধ্যেই আবার মাঠে নামব। আমাদের এখন বাকি তিনটা ম্যাচ জিততে হবে। ফুটবলে হার-জিত থাকবেই, কিন্তু আমরা হাল ছাড়ব না।”
বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন,
“সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের পরিশ্রম নিশ্চয়ই দেখছেন—কোচ থেকে খেলোয়াড়, সবাই চেষ্টা করছে। কখনো কখনো ভাগ্যেরও প্রয়োজন হয়। আমরা চেষ্টা চালিয়ে যাব।”