মোটরসাইকেল দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত  

মোটরসাইকেল যোগে মাছ ধরতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায়। এ সময় দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পবা থানাধীন নওহাটা জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে টিকিট কেটে বড়শিতে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন তারা দুজন। অধ্যাপক আসাদুজ্জামান মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বসে ছিলেন অধ্যাপক শিব শংকর। নওহাটা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা অধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণঅ করেন। 

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান একটি পোস্ট দিয়ে লিখেছেন, অসীমে ভালো থাকবেন স্যার। সড়ক দুর্ঘটনায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। অপরজন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সকালে মাছ ধরতে যাওয়ার পথে নওহাটা আনসার ক্যাম্পের অদূরে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা দুজন নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। তবে এটি কিভাবে ঘটল সেটি নিশ্চিত হওয়া যায়নি। কোন গাড়ির ধাক্কায়, নাকি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার শিকার হন এটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাদের মোটর সাইকেলের সামনের অংশ খুলে গেছে। এতেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত পারেন।

ওসি জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত উদ্ধার করে দুজনকেই রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। আরেকজনের চিকিৎসা চলছে।