নিয়োগে অনিয়ম, রাবি অধ্যাপককে সভাপতি পদ থেকে অব্যাহতি

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম

নিয়োগ পরীক্ষায় শিক্ষার্থীদের অভিযোগ এবং সহকর্মীদের অনাস্থার পরিপ্রেক্ষিতে ​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক বনি আদমকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে থাকা অভিযোগ তদন্ত করতে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

​গতকাল (১ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. ইফতেখার আলম মাসউদ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, অধ্যাপক বনি আদমের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও অনাস্থার অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি কাজ শুরু করবে। তদন্ত প্রক্রিয়া চলাকালীন বিভাগের স্বাভাবিক কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলীকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সাম্প্রতিক সময়ে গুরুতর অনিয়ম, নিম্নমানের প্রশ্নপত্র এবং বিষয়টির মৌলিক চরিত্রবিরোধী মূল্যায়ন কাঠামো অনুসরণে পাচ দফা দাবি করে শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের কর্মসূচিতে অধ্যাপক বনী আদমের শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়ে জানতে চেয়ে অধ্যাপক বনী আদমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত