জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, যে লক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। আগামীতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা পুরোপুরি বিলুপ্তির পাশাপাশি পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে নগরী খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে আমাদের দাবিগুলো তুলে ধরছি। জনগণ আমাদের গণমিছিলে অংশগ্রহণ করে প্রমাণ হয়েছে জামায়াতে ইসলামীর দাবি জনগণের দাবিতে পরিণত হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জামায়াতের ৫ দফা দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ইতোমধ্যে এসব দাবিতে দেশের অন্যান্য রাজনৈতিক দলও যুগপৎ কর্মসূচি পালন করছে। এরকম গণদাবি উপেক্ষা করে জাতীয় নির্বাচন আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থি। একটি দল ও তাদের সাথে থাকা ক্ষুদ্র কয়েকটি দল এসব দাবি উপেক্ষা করে যেন তেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে উঠে পড়ে লেগেছে। আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। কিন্তু এর আগেই জাতি সংস্কার কার্যক্রমের দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায়। সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ৫ দফা দাবির গুরুত্ব উপলব্ধি করে কার্যকর উদ্যোগ নিতে হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বটিয়াঘাটা উপজেলা আমীর ও খুলনা-১ নং আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মো. আবু ই্উসুফ, খুলনা জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, জেলা সেক্রেটারি ইলিয়াস হোসাইন, মাওলানা আবু বকর সিদ্দিক।