চলতি সপ্তাহে মিশরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে ইউরোপ ও আরব বিশ্বের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্মেলনটি আগামী মঙ্গলবার (অথবা এক দিন আগে) লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল শেখে অনুষ্ঠিত হতে পারে। এখানেই সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল, যেখানে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতা করেছিল।
এই সম্মেলনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেওয়ার কথা রয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে অংশ নেবেন না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
মার্কিন প্রশাসনের এক সূত্র জানায়, ট্রাম্প নিজে সম্মেলনে উপস্থিত থাকবেন। তবে হোয়াইট হাউস এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সম্মেলনের মূল উদ্দেশ্য হলো ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার পক্ষে আন্তর্জাতিক সমর্থন গড়ে তোলা। বর্তমানে গাজার শাসন, নিরাপত্তা ও পুনর্গঠন নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, সেগুলো সমাধানের পথ খোঁজা হবে আলোচনায়।
সূত্র জানায়, ট্রাম্প আগামী সোমবার সকালে ইসরায়েলে পৌঁছে কেনেসেটে ভাষণ দেবেন এবং ইসরায়েলি বন্দিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে তিনি মিশরে গিয়ে প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক করবেন এবং তাঁর প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।