নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল অবশেষে মাতল গোল উৎসবে। শুক্রবার রাতে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। তরুণ তারকা এস্তেভাও ও রদ্রিগো করেছেন দুটি করে গোল, আর ম্যাচের শেষ দিকে ভিনিসিউস জুনিয়র যোগ করেন পঞ্চম গোলটি।
টটেনহ্যাম ও বর্তমানে এলএএফসিতে খেলা কোরিয়ান অধিনায়ক হিউং-মিন সন ছিলেন প্রথম একাদশে, তবে পুরো ম্যাচজুড়ে ছিলেন কার্যত নিষ্প্রভ। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে তাকে তুলে নেন কোচ। বৃষ্টিস্নাত মাঠে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ম্যাচের ১৩ মিনিটে ব্রুনো গুইমারায়েশের নিখুঁত পাস থেকে ডান দিক দিয়ে দৌড়ে গিয়ে প্রথম গোল করেন এস্তেভাও। এরপর ৪১ মিনিটে চমৎকার দলীয় সমন্বয়ে রদ্রিগো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপে ফেরে আনচেলত্তির দল। বিরতির পর মাত্র দুই মিনিটেই আবার গোল করেন এস্তেভাও। তারপরই দ্রুত পাল্টা আক্রমণে রদ্রিগোর দ্বিতীয় গোল—স্কোরবোর্ডে ৪–০! ৩২ মিনিটে মাঠে নামা ভিনিসিউস জুনিয়র প্রতিপক্ষের ডিফেন্স চিরে দেন একা দৌড়ে, ম্যাথিউস কুনহার লং পাস থেকে গোল করে ব্রাজিলের গোলসংখ্যা দাঁড় করান পাঁচে।
শেষ দিকে আনচেলত্তি বদলি হিসেবে নামান রিচার্লিসন, আন্দ্রে, ইগর জেসুসসহ কয়েকজন তরুণ খেলোয়াড়কে। বাকি সময় বল দখল রেখেই জয় নিশ্চিত করে ব্রাজিল। এই জয় শুধু আনচেলত্তির জন্য নয়, ব্রাজিল সমর্থকদের কাছেও আশার আলো—কারণ অনেক দিন পর তাদের দল ফিরেছে আগ্রাসী, ছন্দময় ফুটবলে।