সাত ম্যাচে নয় গোল, গোল্ডেন বুটের দৌড়ে আরও এগিয়ে হালান্ড

আগুন ঝরানো ফর্মে থেকেই প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। কোনো পেনাল্টি ছাড়াই এখন পর্যন্ত ৭ ম্যাচে করেছেন ৯ গোল। যদিও ২০২২–২৩ মৌসুমে প্রথম সাত ম্যাচে করেছিলেন ১১ গোল, আর গত মৌসুমে ১০টি, তবু তিনি চলতি মৌসুমে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন।

বিশেষজ্ঞরা বলছেন, নিজে গোল করার পাশাপাশি সবচেয়ে বেশি গোলের সুযোগও তৈরি করেছেন হালান্ড। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত নিয়েছেন ২৯টি শট, যা অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে ১২টি বেশি। প্রতি শটে তার গোল হওয়ার সম্ভাবনা ২৭%, যা গত মৌসুমের শুরুর (০.১৭) তুলনায় অনেক বেশি। গোল্ডেন বুটের লড়াইয়ে বর্তমানে হালান্ড তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিন গোল এগিয়ে আছেন।

গত মৌসুমে গোল্ডেন বুট জেতা লিভারপুলের মোহাম্মদ সালাহর মৌসুমের শুরুটা হয়েছে বেশ ধীরগতিতে। একই সময়ে আগেরবারের তুলনায় তার গোল অর্ধেক এবং সুযোগও প্রায় অর্ধেক। এটি তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের সবচেয়ে নীরব সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুধু সালাহ নয়, গত মৌসুমের শীর্ষ ১১ গোলদাতার মধ্যে হালান্ড একাই এখন পর্যন্ত অন্য ১০ জনের মোট গোলের সমান করেছেন!

ইয়োয়ানে উইসা, কোল পামার, জর্গেন স্ট্র্যান্ড লার্সেন, আলেকজান্ডার ইসাক, ব্রায়ান এমবেউমো, ক্রিস উড, অলি ওয়াটকিনস কিংবা ম্যাথিউস কুনহা—কেউই এখনো ছন্দে ফিরতে পারেননি। হালান্ড প্রিমিয়ার লিগে এগিয়ে থাকলেও ইউরোপীয় গোল্ডেন শু -এর লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কারণ হ্যারি কেইন (১১ গোল) ও কিলিয়ান এমবাপ্পে (৯ গোল) দুর্দান্ত ফর্মে রয়েছেন।

এই লড়াইয়েও শক্ত অবস্থানে আছেন হালান্ড। কারণ, তার সব গোলই এসেছে ওপেন প্লে থেকে। এখনও পর্যন্ত একটিও পেনাল্টি নেননি। তবে কেইন ও এমবাপ্পে দুজনেই এই পরিসংখ্যানের চেয়েও বেশি গোল করার সক্ষমতা রাখেন, তাই ইউরোপের সেরা গোলদাতার লড়াই জমে উঠবে বলেই ধারণা।