এমবাপ্পের চোখ জুড়ানো গোলে ফ্রান্সের টানা তৃতীয় জয়

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম

দারুণ ছন্দে আছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গড়েছেন টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি। শুক্রবার রাতে ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে আজারবাইজানকে ৩–০ গোলে হারিয়েছে ফ্রান্স, যেখানে মূল নায়ক ছিলেন এমবাপ্পে। এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে টানা তিন ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষে থাকল ফ্রান্স।

প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক একক প্রচেষ্টায় আজারবাইজানের রক্ষণভাগ ভেদ করে নিচু শটে জালের দেখা পান ফরাসি অধিনায়ক। এটি ছিল তার আন্তর্জাতিক ফুটবলে ৫৩তম গোল এবং চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ১৭তম গোল। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে তার নিখুঁত ক্রসে হেড করে গোল করেন এসি মিলানের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও

ম্যাচের শেষ দিকে সামান্য গোড়ালির চোট অনুভব করায় এমবাপ্পেকে তুলে নেওয়া হয়। তার পরিবর্তে নামেন ফ্লোরিয়ান থভিন, যিনি ২০১৯ সালের পর প্রথমবার ফ্রান্সের জার্সি পরেন এবং ফিরেই অসাধারণ এক বাঁ-পায়ের শটে দলের তৃতীয় গোলটি করেন। তবুও রাতটা ছিল সম্পূর্ণ এমবাপ্পের। ২০২৩ সালে ফ্রান্সের অধিনায়ক হওয়ার পর থেকেই তিনি দারুণ সময় কাটাচ্ছেন।

চলতি মৌসুমে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের হয়ে ১৩ ম্যাচে করেছেন ১৭ গোল। মাত্র একটি ম্যাচে গোল পাননি। গোলের লড়াইয়ে আর্লিং হালান্ড ও হ্যারি কেনের সঙ্গে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড হালান্ড এখন পর্যন্ত ১১ ম্যাচে করেছেন ১৮ গোল। অন্যদিকে বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেন করেছেন ১০ ম্যাচে ১৮ গোল করেছেন।

চ্যাম্পিয়নস লিগে অবশ্য এগিয়ে আছেন এমবাপ্পে—মাত্র দুই ম্যাচে করেছেন ৫ গোল, যেখানে কেনের ৪ ও হালান্ডের ৩ গোল। ফ্রান্সের বাছাইপর্বে টানা জয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি এমবাপ্পের এই রেকর্ড গড়া পারফরম্যান্স আরও একবার মনে করিয়ে দিল—তিনি এখন ইউরোপের সবচেয়ে ভয়ংকর ফিনিশারদের একজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত