ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত করতে ‘স্পেশাল ক্লিনিং ক্যাম্পাস–২০২৫’ কর্মসূচি চালু করেছে ডাকসু ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলা এই উদ্যোগে একযোগে অংশ নেন প্রায় এক হাজার তিনশ পরিচ্ছন্নতা কর্মী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ কারণ এটি শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক—সবাইকে একসঙ্গে কাজ করার একটি সুন্দর উদাহরণ তৈরি করেছে।
পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থে অপরিহার্য। একসঙ্গে কাজ করলে আমরা আরও ভালো ফলাফল পাব।”
তিনি জানান, এ কর্মসূচিতে ঢাকা মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা পাওয়া গেছে।
পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের হল ও আশপাশের এলাকায় ধুলা-ময়লা পরিষ্কার, মশক নিধন, ড্রেনেজ ব্যবস্থাপনা, রঙের কাজ ও রাস্তার বাতি পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, “ডাকসু ও সিটি করপোরেশনের এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়। তবে এ উদ্যোগ তখনই সফল হবে, যখন আমরা সবাই নিজ নিজ জায়গায় পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলব। শুধু পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করলেই হবে না, আমাদেরও সচেতন হতে হবে।”