আনচেলত্তিকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিতে চায় ব্রাজিল

‘ডন’ কার্লো আনচেলত্তি দায়িত্ব নিয়েই বদলে দিচ্ছেন ব্রাজিলের ফুটবল। হারতে হারতে খাদের কিনারায় চলে যাওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এখন জয়ের ধারায় ফিরেছে। মাঠে দেখা যাচ্ছে হারিয়ে যাওয়া সেই ছন্দাসিক আগ্রাসী ব্রাজিলিয়ান ফুটবল। তাই কার্লো আনচেলত্তিকে নাকি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চায় ব্রাজিল।

ইতালিয়া সাংবাদিক ফ্যাব্রেজিও রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে আনচেলত্তিকে এই প্রস্তাব দেওয়া হবে। ‘গ্লোবো’র বরাত দিয়ে রোমানো লিখেছেন, ‘কার্লো আনচেলত্তি ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরের জন্য ব্রাজিল ফেডারেশন থেকে একটি প্রস্তাব পেতে যাচ্ছেন।’

অবশ্য গত মাসে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছিলেন, দীর্ঘমেয়াদী চুক্তিতে তার আপত্তি নেই। তিনি বলেছিলেন, ‘ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রস্তুতি বিশেষ কিছু। আমি প্রথমে এক বছরের চুক্তি করেছি। কিন্তু এখন সবকিছু উন্মুক্ত। যদি সিবিএফ চায়, (২০২৬ বিশ্বকাপের পর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত) আমি কোনো সমস্যা ছাড়াই চালিয়ে যেতে পারি। আমার এবং আমার পরিবারের জন্য এখানে থাকা আনন্দের।’

শুক্রবার রাতে সিউলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ৬৬ বছর বয়সী ইতালীয় কোচের এটি পঞ্চম ম্যাচ, যার চারটিতেই দল গোল হজম করেনি। তাছাড়া আনচেলত্তির আগমনের পর এটি ছিল সবচেয়ে বড় জয়। এই জয় ব্রাজিল ফুটবলের নতুন দিগন্ত খুলে দিয়েছে। কারণ অনেকদিন পর ব্রাজিল ফিরেছে আগ্রাসী, ছন্দময় ফুটবলে।

শিষ্যদের পারফমেন্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘ছেলেরা আজ প্রমাণ করেছে যে তারা তীব্রতা, মান এবং দায়বদ্ধতা নিয়ে এই স্তরে খেলতে পারে। আমি এখানে আসার পর থেকেই দলীয় একতার ওপর জোর দিয়েছি। এটা এক ধরনের ভিত্তি, আর যখন দলের এই ভিত্তি মজবুত হয়, তখন ভালো কিছু করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আজ আমরা সেই প্রতিশ্রুতির সঙ্গে খেলেছি। পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতাও কাজে লাগিয়েছি। জাতীয় দলের জন্য ঠিক এটাই প্রয়োজন।’