সিরাজগঞ্জ

সেই ভিক্ষুকের ঘরে মিলল আরও এক বস্তা টাকা

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় ভিক্ষুক মোছা. সালেয়া বেগমের ঘর থেকে উদ্ধার হয়েছে আরও এক বস্তা টাকা। এর আগে গত ৯ অক্টোবর একই স্থানে উদ্ধার করা হয়েছিল দুই বস্তা টাকা।

শনিবার (১১ অক্টোবর) সকালে উদ্ধার করা নতুন বস্তার টাকা গুনে দেখা যায়, মোট ৪৭ হাজার ৮২৬ টাকা রয়েছে। এর ফলে দুই দফায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ এক লাখ ৭৪ হাজার ৭৯ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬৫ বছর বয়সী সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলে’র পরিত্যক্ত একটি বারান্দায় একাই বসবাস করতেন। স্থানীয়দের মতে, তিনি অত্যন্ত মিতব্যয়ী ছিলেন এবং নিজের প্রয়োজনেও কখনো অর্থ খরচ করতে দেখা যেত না।

সালেয়া বেগমের একমাত্র মেয়ে শাপলা খাতুন জানান, ‘আগের দিন দুই বস্তা টাকা পাওয়া গিয়েছিল, আজ আবার বারান্দার নিচ থেকে টাকা পাওয়া গেছে। এই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করাব।’

তার জামাতা মো. শহিদুল ইসলাম বলেন, ‘শাশুড়ি অসুস্থ ছিলেন। চিকিৎসার কথা বললে কোনো উত্তর দিতেন না। আজ এলাকাবাসী ও স্থানীয় কমিশনার বারান্দার নিচ থেকে আরও এক বস্তা টাকা উদ্ধার করেছেন। গুনে দেখা গেছে ৪৭ হাজার ৮২৬ টাকা।’

এ ঘটনায় স্থানীয় প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধারকৃত টাকার হিসাব সংরক্ষণের পদক্ষেপ নিচ্ছে।