‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী এ সরকারকে সবাই সাপোর্ট করে। পরবর্তী সরকার যারা আসবে তারা এ সরকারকে সংসদের মাধ্যমে বৈধতা দেবে বলে আমাদের বিশ্বাস।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ময়মনসিংহ জেলা তাঁতী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দুদু বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সরকারকে সবাই সংসদের মাধ্যমে বৈধতা দেবে। বর্তমান সরকারের সদস্যদের বিষয়ে পরবর্তী সরকার আইনগতভাবে সিদ্ধান্ত নেবে। ‘সেফ এক্সিট’ সংক্রান্ত বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। ইতিমধ্যে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি জায়গায় ঐক্যবদ্ধ হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান ১৬–১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও শেখ হাসিনার পতনের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি। সাধারণ নির্বাচনের মাধ্যমে গণমুখী সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।