গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: শামসুজ্জামান দুদু

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

জুলাই-আগস্টের আন্দোলনে শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ত্যাগের কথা তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের রক্ত ও কষ্টের মূল্যায়ন করে প্রতিষ্ঠান ও দেশকে এগিয়ে নিতে হবে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ‘রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনাদের ওপর যে জুলুম হয়েছে, সেই জুলুমের কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন। সেই জুলুম পেরিয়ে এখন আমরা মুক্তির পথে এসেছি। জুলাই-আগস্টের আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। ৫৫ বছরের ইতিহাসে দেশের যত আন্দোলন-সংগ্রাম হয়েছে, সেখানে শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের ভূমিকা রয়েছে।’

তিনি বলেন, অনেক পরিবার ধ্বংস হয়েছে, অনেক কর্মক্ষম মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে শ্রমিক-কর্মচারী ও ছাত্রদেরও অনেকে ছিলেন। দেশের শ্রমিক-কর্মচারী ও তাদের নেতৃবৃন্দ আন্দোলনের সবচেয়ে কাছের অংশ ছিলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘আজকের অনুষ্ঠানে সবার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছি। একটি নিশ্চয়তা দেওয়া যায়—বিএনপি সরকার আপনাদের সার্বিক পরিচালনা ও উন্নয়নের জন্য যে পরিকল্পনা করেছে, তা বাস্তবায়নে কাজ করবে।’

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই কর্মকর্তা-কর্মচারীদের সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। তাদের সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন বলেও আশ্বাস দেন দুদু।

বিআইডব্লিউটিসিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে।

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রের প্রতিহত করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। প্রতিষ্ঠানগুলোতে উন্নয়ন সাধন করতে হবে। সবাইকে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে দুদু বলেন, ‘প্রতিষ্ঠানের বাইরে কেউ নাই। সরকার আপনাদের, চেয়ারম্যান আপনাদের সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।’

বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত