খুমেক হাসপাতাল পরিচালককে লিগ্যাল নোটিশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের জারিকৃত এক আদেশের বিরুদ্ধে আইনগত নোটিশ পাঠিয়েছেন খুলনা জজ কোর্টের আইনজীবী মো. বাবুল হাওলাদার।

আজ রবিবার খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামাল প্রেরিত লিগ্যাল নোটিশে আইনজীবী বাবুল হাওলাদার উল্লেখ করেছেন, গত ৯ অক্টোবর পরিচালক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পরিচালক মহোদয়ের লিখিত অনুমতি ছাড়া কোনো মিডিয়া ব্যক্তিত্ব হাসপাতালের ইনডোর বা আউটডোরে ছবি তুলতে বা কারও সাক্ষাৎ নিতে পারবেন না।

এই আদেশকে সংবিধান ও প্রচলিত রীতি-নীতির পরিপন্থী আখ্যা দিয়ে আইনজীবী বাবুল হাওলাদার তার নোটিশে উল্লেখ করেছেন, এ আদেশ সম্পর্কে জ্ঞাত হয়ে আমার ক্লায়েন্ট এবং খুলনাসহ এই অঞ্চলের গণমাধ্যম কর্মীরা রীতিমত অবাক, হতভম্ব হয়ে পড়েছেন। তাদের মনে প্রশ্ন তথ্য প্রযুক্তির এ যুগে এসে এই আদেশ মধ্যযুগীয় চর্চার বহিঃপ্রকাশ কিনা? আদেশ জারি করে আপনি স্পষ্ট আইনের লঙ্ঘন করেছেন। এ আদেশ গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিকদের মুক্তবাক স্বাধীনতার অধিকার পরিপন্থি। বিষয়টি আপনার স্বেচ্ছাচারী আচরণের বহিঃপ্রকাশও বটে। এমন সিদ্ধান্ত বা আদেশ স্পষ্টতঃ জনস্বার্থ বিরোধী তথা দেশের নাগরিকদের বিরুদ্ধে অবস্থান। এই আদেশ কেন আপনার এখতিয়ার বহির্ভূত নয়? লিগ্যাল নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে আদেশ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে

এদিকে, বিষয়টি নিয়ে খুলনার সাংবাদিকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এমন ঘটনায় নিন্দা প্রকাশ করে বিবৃতি দেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ফলে রবিবার খুমেক হাসপাতাল পরিচালক আরেকটি চিঠিতে পূর্বের আদেশ প্রত্যাহার করেন। তবে এই চিঠিও ৯ অক্টোবর তারিখে ইস্যু দেখানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, হাসপাতালের ৫০০ শয্যায় দৈনিক ২০০০ রোগী চিকিৎসাসেবা নেওয়ায় নিরবছিন্নভাবে সেবা দেওয়া প্রয়োজন। এ অবস্থায় পরবর্তীতে অফিস চলাকালীন সময়ে পরিচালক, কর্তব্যরত চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট চিকিৎসককে অবহিত করে ও অফিস সময়ের পূর্বে ও পরে কর্তব্যরত চিকিৎসককে অবহিত করে এবং সাংবাদিকতার ইথিক্স মেনে সাংবাদিক ও অন্যান্য মিডিয়া ব্যক্তিত্বের সংবাদ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।