নড়াইল

জমি নিয়ে বিরোধে হামলায় আহত কৃষকের মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হান্নান খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ভোরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত হান্নান খান (৬০) সদর উপজেলার বুড়িখালি গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক।

স্থানীয়রা জানায়, বুড়িখালি গ্রামের একটি জমির মালিকানা নিয়ে আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ালে মিন্টু খান পক্ষের লোক হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূইয়া আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর হান্নান খান মারা যান। 

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান , ঘটনার পর পরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহের ময়নাতদন্ত খুমেক হাসপাতালে সম্পন্ন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত