ঈশ্বরদীতে স্কুল ছাত্রকে বলাৎকার, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

পাবনার ঈশ্বরদীতে চকলেট খাওয়ার প্রলোভন দিয়ে এক স্কুল ছাত্রকে বলাৎকার করায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী। রবিবার বিকালে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এলাকাবাসী জানায়, গত ২৬ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের মো. সুজন মোল্লার শিশু সন্তান ও বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির এক ছাত্রকে চকলেট খাওয়ার প্রলোভন দিয়ে একই এলাকার আব্দুর রহিম (৫৮) পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে জোরপূর্বক বলাৎকার (ধর্ষণ) করে।

ঘটনাটি জানাজানি হলে ওই স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় আব্দুর রহিমকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ১৫ দিন পার হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার না করায় প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ানোয় ক্ষোভে ফুঁসে উঠেছে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী। এজন্য লম্পট আব্দুর রহিমের ফাঁসির দাবী করে বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে রবিবার বিকালে স্কুলের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

আয়োজিত মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বড়ইচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা, শিশু শিক্ষার্থীর বাবা-মা, এলাকাবাসী মঞ্জুর আলম ফকির, কুদ্দুস সরদার, মিনারুল বিশ্বাস, খায়রুল ফরাজী, শাহীন ফরাজী, শামীম মন্ডল, তুহিন ফকির, সুলতান প্রামানিক, শিক্ষার্থী সমিয়া জামান লুবাবা ও রাইসা খাতুন প্রমূখ। অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে স্কুলের ৩ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা জানান, ন্যাক্কারজনক ওই ঘটনার কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেক কমে এসেছে। ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলে আসছে না। শিক্ষার্থীর অভিভাবকেরা তার সন্তানদের সাথে করে স্কুলে আনলেও আবার সাথে করে নিয়ে যাচ্ছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যাক্কারজনক এই বিষয়টি লিখিত আকারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হয়েছে। অফিসিয়ালভাবেও লম্পট আব্দুর রহিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নূর বলেন, এবিষয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে ধরতে এলাকায় অভিযান অব্যাহত আছে।