হরতাল প্রত্যাহার করল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

প্রশাসনের আশ্বাসে আট দফা দাবি আদায়ে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংগঠনটির নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল, রাজার সনদ বাতিল, সেনাক্যাম্প পুনঃস্থাপনসহ আট দফা দাবিতে আজ সোমবার বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আবু তালেব, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহজালালসহ সংগঠনের অন্য নেতারা।