শ্রীপুরে খুনের আগে শিশু যৌন নির্যাতনের শিকার 

গাজীপুরের শ্রীপুরে গহীন বনের ভেতর থেকে উদ্ধার হওয়া শিশু যৌন নির্যাতনের শিকার হয়ে খুন হয়েছে বলে পুলিশ দাবি করেছে। ঘটনার এক দিন পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে। শ্রীপুর থানা পুলিশ গতকাল রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার বিকেলে গোসিংগা ইউনিয়নের চাউবন এলাকার গজারি বনের ভেতর থেকে আবুবক্কর হুজাইফা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিশু একই গ্রামের হারুন অর রশীদের ছেলে। বনের ভেতর কাঠবাদার আনতে গিয়ে যৌন নির্যাতনের শিকায় হয় শিশু হুজাইফা। পরে যৌন নির্যাতনকারী শ্বাসরোধে তাকে হত্যা করে বনের গহীনে লাশ ফেলে রাখে। সে পাশের চাউবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরে পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করলে বের হয়ে আসে যৌন নির্যাতনের ঘটনাটি। এ ঘটনায় জড়িত সোহাগ মিয়া (১৭) নামে একজনকে পুলিশ আটক করেছে।

নিহতের স্বজনরা জানান, গত শনিবার সকালে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বিকেল পর্যন্ত আর বাড়ি ফিরে আসেনি আবুবক্কর হুজাইফা। পরে সবখানে খোঁজাখুঁজি করেও তার হদিস পাওয়া যায়নি। এক সময় বনের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, আটককৃত ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।