শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিয়ালের কামড়ে এক শিশুসহ সাতজন আহত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলো মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মাগরিবের নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনের পেছনে কামড় দেয়। পরপরই আরেকজনের পায়ে কামড় দিয়ে শিয়ালটি পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এ সময় শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। পরে এলাকাবাসী একত্র হয়ে রাতেই শিয়ালটিকে মেরে ফেলে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, ‘শনিবার রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে এলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।’