দিনাজপুর জেলা কারাগার থেকে ভুয়া জামিননামা দাখিল করে এক মাদক মামলার আসামিকে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত কারারক্ষী নিজামুল হককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত কারারক্ষী মো. নিজামুল হক (২৮) ও জেলার পার্বতীপুর থানার আমেরিকান ক্যাম্পের আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৭)। আসামির বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতের পক্ষ থেকে করা মামলায় দুজনকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল রবিবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দিনাজপুর সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, একটি মাদক মামলায় জেলার পার্বতীপুর থানার পুলিশ গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আসামি মো. আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের কারাদ-ে দ-িত করে জেলহাজতে পাঠান। ওই মামলায় আরিফুলের পক্ষে তার নিয়োজিত আইনজীবী দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-এ আলম সিদ্দিকীর আদালতে ১০৩/২০২৫ নম্বর আপিল মামলা করে। ওই আপিল মামলা ৩০ অক্টোবর আসামি আরিফুলের জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। কিন্তু তার আগেই জেলা ও দায়রা জজ আদালতের সিল-স্বাক্ষর জাল করে আসামি আরিফুলকে গত ৩০ সেপ্টেম্বর একটি চক্র দিনাজপুর জেলহাজত থেকে মুক্ত করে দেয়।
ওই আসামি আরিফুলকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে গত ৮ অক্টোবর জেল কারাগার কর্তৃপক্ষকে আদালতে হাজির করতে নির্দেশবার্তা পাঠান। কারা কর্তৃপক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতকে অবহিত করেন, আসামি আরিফুল জেলা ও দায়রা জজ আদালতের ১৪২/২০২৫ নম্বর আপিল মামলায় জামিনে মুক্ত হয়ে গেছেন বলে তথ্য জানিয়ে দেন।
দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান বলেন, কারাগারে ভুয়া জামিননামা দাখিল করে আসামিকে মুক্ত করার ঘটনায় কারারক্ষী নিজামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।