দিল্লি টেস্টে প্রথম ইনিংসে ভারত ৫১৮ রান তুলে ডিক্লেয়ার করার পর দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৪ উইকেটে ১৪০ রান। গতকাল টেস্টের তৃতীয় দিনে কুলদীপ যাদবের ঘূর্ণিতে ২৪৮ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়ে উইন্ডিজ। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অবশ্য লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ২ উইকেটে তুলেছে ১৭৩ রান।
দ্বিতীয় ইনিংসের লড়াইয়ে ভারত-উইন্ডিজ টেস্ট চতুর্থ দিনে গড়াল! ২০১১ সালের পর ভারতে ভারত-উইন্ডিজ টেস্ট এবারই তিন দিন পেরিয়ে চতুর্থ দিনে গড়াল। এ সময়ের মধ্যে ভারতে উইন্ডিজের পাঁচটি টেস্টই শেষ হয়েছে তিন দিনে। যার চারটিতেই ভারত জিতেছে ইনিংস ব্যবধানে। আর একটিতে স্বাগতিকরা জেতে ১০ উইকেটে।
তৃতীয় দিনে প্রথম ইনিংসে উইন্ডিজ যোগ করে ১০৮ রান, হারায় শেষ ছয় উইকেট। দ্বিতীয় দিনে এক উইকেট নেওয়া কুলদীপ আরও চারটি নিয়ে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। তাতে বাঁহাতি লেগ স্পিনারদের মধ্যে দ্রুততম সময়ে পাঁচবার পাঁচ উইকেট নিলেন কুলদীপ। এই রেকর্ডে তিনি সমান হয়েছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার জনি ওয়ার্ডলের সঙ্গে। তবে পার্থক্য হলো, ওয়ার্ডল এই কীর্তি গড়েছিলেন ২৮ ম্যাচে, কুলদীপ তা করেছেন মাত্র ১৫ টেস্টে। এ ছাড়া তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। উইন্ডিজের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন আলিক অ্যাথানেজ। অ্যান্ডারসন ফিলিপ ২৪ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও দলীয় ৩৫ রান তুলতেই দুই উইকেট হারায় উইন্ডিজ। তবে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দিনের বাকি সময়টা পাড় করেন জন ক্যাম্পবেল (৮৭*) ও শেই হোপ (৬৬*)। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর। উইন্ডিজ এখনো পিছিয়ে ৯৭ রানে। তাই ইনিংস হারের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।