হত্যাচেষ্টার আতঙ্কে নিরাপদ আশ্রয়ে মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা জানিয়েছেন, তার ওপর হামলার চেষ্টার পর তিনি বর্তমানে ‘নিরাপদ স্থানে’ অবস্থান করছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলছে।

নিজের অবস্থান গোপন রেখে সোমবার এক ফেসবুক লাইভ ভাষণে ৫১ বছর বয়সী রাজোয়েলিনা বলেন, ‘একদল সামরিক কর্মকর্তা ও রাজনীতিক আমাকে হত্যার পরিকল্পনা করেছিল।’ অনিশ্চিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে গেছেন তিনি।

দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে অংশ নিচ্ছে মূলত তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা, যাদের স্থানীয়ভাবে বলা হচ্ছে ‘জেন জি মাদা।’ বিদ্যুৎ ও পানির সংকট, দুর্নীতি, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতিতে ক্ষোভ থেকেই এই আন্দোলনের সূত্রপাত। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিক্ষোভের শুরুতে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন, যদিও সরকার এই সংখ্যা অস্বীকার করেছে। 

এদিকে রাজনীতিক অস্থিরতার মধ্যেই দেশটির প্রভাবশালী সেনা ইউনিট 'ক্যাপস্যাট'- যারা ২০০৯ সালে রাজোয়েলিনাকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিল- এবার নিজেদের দেশের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে ঘোষণা করেছে। তাদের কিছু কর্মকর্তা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। বিরোধী দল টিআইএম জানিয়েছে, এখন কার্যত সেনাবাহিনীই দেশ পরিচালনা করছে এবং তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘দায়িত্ব পরিত্যাগের’ অভিযোগে অভিশংসন প্রস্তাব আনতে যাচ্ছে।  

সাবেক প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনসাইসহ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী ইতিমধ্যেই পাশের দেশ মরিশাসে পালিয়েছেন বলে জানা গেছে।

বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও মাদাগাস্কার বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। রাজোয়েলিনা তরুণ বয়সে উদ্যোক্তা ও ডিজে হিসেবে খ্যাতি অর্জন করেন এবং ২০০৯ সালের জনবিক্ষোভে ক্ষমতায় আসেন। ২০১৮ সালের নির্বাচনে পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এলেও এবার তার নেতৃত্ব সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কটে পড়েছে।