শিক্ষকদের ফোন করে এখনই লং মার্চ না করার আহ্বান হাসনাতের

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০২:০১ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার  (১৪ অক্টোবর) দুপুর ১২টায় পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ ‘এখনই না করার’ আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার দুপুরে কল পেয়ে এই তথ্য জানান। পরে তিনি মাইকের মাধ্যমে কর্মসূচিস্থলে উপস্থিত শিক্ষকদেরও এই আহ্বান জানান।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, এনসিপির নেতা, যিনি সবসময় আমাদের পাশে ছিলেন, হাসনাত আব্দুল্লাহ আমাকে মোবাইলে কল করে জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটি মিটিং চলছে। সেখানে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত লংমার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।

এর আগে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হন হাজার হাজার শিক্ষক। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল-কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত