যশোরের শার্শায় নিখোঁজের চার দিন পর স্টিলের বাক্স থেকে আব্দুল্লাহ নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ (২৫) পার্শ্ববর্তী গাতীপাড়া গ্রামের বাসিন্দা,পেশায় ভ্যানচালক।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান,পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন আব্দুল্লাহ। ১০ অক্টোবর সকাল ১১টার দিকে প্রতিদিনের ন্যায় তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন তিনি বাড়ি ফেরেননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত ১১ অক্টোবর নিহতের বাবা ইউনুস আলী শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ডিবি ও শার্শা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে আব্দুল্লাহর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।