পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামি দলগুলো। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন হয়।
কর্মসূচির অংশ হিসেবে মৎস্য ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের ৪ থেকে ৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছেন।’
নায়েবে আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে। সংশোধনের সুযোগ করে দিতে চাই। সময়মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি তার চেয়েও খারাপ হবে।’
তিনি বলেন, ‘কোনো একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। এই দলীয়করণ করা সরকার দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নীলনকশার নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। এমন নির্বাচনে দেশের মানুষ অংশ নেবে না, মানবেও না। পূর্বের মতো বিতর্কিত নির্বাচন করলে দেশের মানুষ তা গ্রহণ করবে না।’ এ সময় ৫ দফা দাবি সরকার না মানলে জামায়াত আরও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নায়েবে আমির।
মানববন্ধনে মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং ঢাকা মহানগরের উত্তরের সেক্রেটারি রেজাউল করিম সভা পরিচালনা করেন। এ ছাড়া বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবায়ের ও মাওলানা আবদুল হালিম প্রমুখ।
জাতীয় নির্বাচনের তফসিলের আগে জুলাই সনদের বিষয়ে গণভোট হতে হবে ইসলামী আন্দোলন : গতকাল বেলা ১১টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বওে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে অংশ নিয়ে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য যে গণভোট, সেটা আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হতে হবে। নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ না হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে যাবে। জাতীয় নির্বাচনটাও সংকটাপন্ন হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে।’
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, অতীতের নির্বাচন কমিশনগুলোর মতো এ নির্বাচন কমিশনও একটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মেকানিজম করছে।’
গাজী আতাউর রহমান বলেন, ‘সব রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না, মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাউয়ুম প্রমুখ।
নির্বাচনের আগেই উপযুক্ত পরিবেশ তৈরি করার আহ্বান খেলাফত মজলিসের : গতকাল সকালে রাজধানীর পল্টন মোড়ে খেলাফত মজলিস আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে দলটির মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান। তিনি এক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কোনো বিকল্প নেই। এ সময় দলটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয়শিক্ষক নিয়োগে অবিলম্বে প্রজ্ঞাপন জারি এবং অন্যান্য বিষয়সহ ছয় দফা দাবি উত্থাপন করে।
এ ছাড়া দৈনিক বাংলা এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি, বায়তুল মোকাররম এলাকায় নেজামে ইসলাম পার্টি, শাহবাগে খেলাফত আন্দোলন মানববন্ধন কর্মসূচি পালন করে।