চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারীও রয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নাচোল উপজলোর ফতেপুর ইউনিয়নের মারকইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত রবিবার তরিকুল নামে আমিনুল ইসলামের এক সমর্থককে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরেই আমিনুলের সমর্থকরা তুহিন-খোকনের সমর্থকদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি মনিরুল।
এদিকে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেছেন দুপক্ষের নেতারা। তারা বলছেন স্থানীয় বিরোধের জের ধরে এই সংঘর্ষ।