মিরপুর অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে এলেও সতর্ক থাকছে ফায়ার সার্ভিস

মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও আবার জ্বলে ওঠার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শনের পরে সাংবাদিকদের তিনি বলেন, “এখানে এখনও ধোঁয়া উঠছে। 

গোডাউনে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে। কেমিক্যালের আগুন সাধারণ আগুনের থেকে ভিন্ন, দ্রুত নিয়ন্ত্রণের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও সবাইকে সতর্ক থাকতে হবে।”

ডিজি জানান, বুধবার (১৫ অক্টোবর) বুয়েটের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তারা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে কেমিক্যালের ধরন যাচাই করবেন এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। 

তিনি আরও বলেন, “কেমিক্যালগুলো পাউডারের আকারে ছিল, বস্তা হিসেবে ছিল। সম্পূর্ণ সার্চের পরে বলা যাবে ঠিক কী ধরনের কেমিক্যাল ছিল।”

তিনি সতর্ক করেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও আবার জ্বলে উঠতে পারে। আমরা সতর্ক রয়েছি।”

মুহাম্মদ জাহেদ কামাল আরও বলেন, “অনুমোদনবিহীন কেমিক্যাল গোডাউনের সংখ্যা বাড়ছে। টঙ্গীতে এমন গোডাউনে আগুন লাগায় তিনজন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন। 

এ ধরনের ঘটনা পুনরায় না ঘটুক, এজন্য প্রশাসন ও স্থানীয়দের সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। যথাযথ নিয়ম মেনে কেমিক্যাল গোডাউনের স্থাপন জরুরি।”