চাকসুতে নজিরবিহীন নিরাপত্তার ভোটগ্রহণ চলছে

উৎসর মুখর পরিবেশে আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে ভোট গ্রহণ। 

ভোট সুষ্ঠু করতে নজিরবিহীন নিরাপত্তার ছাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর। 

ভোট কেন্দ্র চবির পাঁচটি অনুষদ ভবন ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সকাল ১০ টা পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে ভোটারদের অভ্যর্থনা জানাতে জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার পর্যন্ত অবস্থান নিয়েছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তারা ভোট দিতে আসা শিক্ষার্থীদের হাতে প্যানেল পরিচিতি কার্ড ধরিয়ে দিচ্ছেন। 

শহীদ মিনারের অদূরে বাঁশ দিয়ে স্থাপন করা তল্লাশি পয়েন্টে দায়িত্বপালন করছেন সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের কর্মকর্তারা সদস্যরা। ভোটাররা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রের দিকে যাচ্ছেন। 

৩৬ বছর পরে বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনের ভোট দিতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী আহমদ নেওয়াজ বলেন, "৩৬ বছর পরে হচ্ছে চাকসু নির্বাচন। আমি আনন্দিত। উৎফুল্ল। যোগ্য প্রার্থীরা জয়ী হবেন এমনটাই প্রত্যাশা করছি৷"

সরেজমিনে দেখা গেছে,  ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন প্যানেলের কর্মী-সমর্থকেরা অবস্থান করছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবনের কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম শরিফুজ্জামান বলেন, নির্দেশনা মোতাবেক সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে।"