ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগ শিবির সমর্থিত ভিপি প্রার্থীর

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ এবং ভোটারদের স্বাক্ষর না নেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে ভোট দেয়ার পর তিনি এসব অভিযোগ করেন।

রনি বলেন, আমি নিজে ভোট দিয়ে দেখলাম, ভোট দেয়ার স্থানের ঠিক পাশেই স্বাক্ষর নেয়া হচ্ছে। ভোটার ওএমআর শিট নেয়ার আগেই সেখানে স্বাক্ষর দিচ্ছেন। তবে আমাদের কাছে তথ্য আছে, নির্বাচন কমিশন প্রথম দিকে যে ভোট নিয়েছে, সেসব ভোটারের কাছ থেকে কোনো স্বাক্ষর নেয়া হয়নি।

তিনি আরও বলেন, এটি যদি অসচেতনতাবশত হয়ে থাকে, তাহলে বলতে চাই, নির্বাচন কমিশন এতটা অসচেতন ভূমিকা রাখতে পারে না।

বহিরাগত প্রবেশের অভিযোগে রনি বলেন, আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়-আমরা যাদের চিনি, এমন বহিরাগত ব্যক্তিরা কোনো পরিচয়পত্র ছাড়াই ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। আমরা চাই না কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ পরিচয়পত্র ছাড়া প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করুক। আশা করি, নির্বাচন কমিশন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।

এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩২৯ জন। ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে এবং ১৫টি হল ও হোস্টেল সংসদে ১৪টি করে পদে মোট ৯০৮ জন প্রার্থী রয়েছেন। কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রার্থীর সংখ্যা ৪১৫ জন।

পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণকারী ভবনগুলো হলো আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও বাণিজ্য (বিবিএ) অনুষদ ভবন। এছাড়া চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য আলাদা ভোটকেন্দ্র রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ওএমআর ব্যালট শিটে ভোটগ্রহণ চলছে। চাকসুর জন্য চার পৃষ্ঠার এবং হল ও হোস্টেল সংসদে এক পৃষ্ঠার ব্যালট শিট ব্যবহার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত