নিউ ইয়র্কে আহমেদ শরীফকে পেয়ে চার নায়কের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেশীয় চলচ্চিত্রে সবচেয়ে বেশি অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফকে পেয়ে উচ্ছ্বাসে মাতলেন ঢালিউডের চার নায়ক। নিউ ইয়র্কে বেশ কিছুদিন ধরে বসবাস করা চিত্রনায়ক জায়েদ খানের উদ্যোগে একটি ছোটখাটো মিলন মেলার আয়োজন করা হয়। সেখানকার মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে সবাইকে আমন্ত্রণ জানান জায়েদ খান। আর সেখানেই ঢাকাই চলচ্চিত্রের এই ৫ অভিনেতা গল্পে ও আড্ডায় মেতে ওঠেন। 

বুধবার (১৫ অক্টোবর)  দুপুরে বিষয়টি নিয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার বাইরে মেলরোজ নামের একটা জায়গায় দেখা করার পরিকল্পনা করি। সেখানেই আমিন খান ভাই, আলেকজান্ডার বো ভাই ও ইমন আসেন। একই সঙ্গে আসেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। আমরা নানা রকম গল্পের মেতে উঠি। খুবই চমৎকার একটি সময় কাটল দেশের বাইরে।’ 

তিনি বলেন, ‘আমাদের গল্পের মধ্যে সবচেয়ে বেশি গল্প ছিল আমিন খান ভাইয়ের সঙ্গে কোন কোন সিনেমায় আহমেদ শরীফ ভাই ভিলেন ছিলেন। চলচ্চিত্রের রঙিন দিনের সব গল্পে খুবই সুন্দর সময় কেটেছে। শেষে আমার উদ্যোগে একটা ফটোশুট করলাম, যেখানে নায়কেরা ভিলেনকে মারে। শরীফ ভাই রাজি হলেন তাই এই ছবিটা তুললাম।’