বিমানবন্দরে দুয়োধ্বনি শুনতে হলো দুবাই ফেরত ক্রিকেটারদের

এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ের কারণে ফাইনালের স্বপ্ন তো ভঙ্গ হয়েছেই। সেই সাথে যোগ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা।

সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো একটি সফর শেষে আজ দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে দেশে ফেরাটা সুখকর হয়নি মোহাম্মদ নাঈম শেখ-তাসকিন আহমেদদের। বিমানবন্দরে বিব্রতকর পরিস্থির মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের। এমনকি সমর্থকদের কাছে শুনতে হয়েছে দুয়োধ্বনি।

সেপ্টেম্বরে বড় স্বপ্ন দেখিয়ে দেশ ছেড়েছিল ক্রিকেটাররা। তখন টাইগারদের হাসিমুখেই বিদায় দিয়েছিল সমর্থকরা। তবে স্বপ্ন পুরণ করতে না পারায় ক্রিকেটারদের ওপর হতাশ তারা। যার ফলে বিমানবন্দরে বিব্রতকর পরস্থিতি তৈরী হয়। ক্রিকেটারদের অবশ্য এমন পরিস্থিতিতে পড়তে অতীতে দেখা যায়নি।

এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিং করে সেই স্বপ্ন নষ্ট করেছেন জাকের আলী অনিকরা।

এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের দল হয়েছে হোয়াইটওয়াশ। ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দৃষ্টিকটু। আফগানিস্তানের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি মিরাজরা। শেষ ম্যাচে ২৯৩ রানের বিপরীতে ৯৩ রানে গুটিয়ে যায়, যা ছিল ৭ বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। 

দেশে ফিরে তিন দিনের মধ্যেই আরেকটা সিরিজে নেমে পড়তে হবে মিরাজদের। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের গুরুত্বপূর্ণ সিরিজ শুরু হচ্ছে শনিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।