ব্রেভিস-ঝড় থামিয়ে লাহোর জয় পাকিস্তানের, থামলো প্রোটিয়াদের জয়যাত্রা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম

টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার ১০ ম্যাচের অপরাজিত ধারা থামিয়ে দিয়েছে পাকিস্তান। লাগোর টেম্টে চতুর্থ দিনে ডিওয়াল্ড ব্রেভিসের ঝড়ো ইনিংসে কিছু সময়ের জন্য ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত নোমান আলী ও শাহিন শাহ আফ্রিদির দাপটে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১৮৩ রানে। ফলে ৯৩ রানের দারুণ জয়ে ২০২৫–২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দুর্দান্ত সূচনা করল শান মাসুদরা।

গতবছরের আগস্টে শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার জয়যাত্রা। এরমধ্যে ঘরের মাঠে পাকিস্তানকেও পরপর দুই টেস্টে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছেছিল। লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নশিপ জেতার পর এই চক্রে প্রথম ম্যাচ খেলতে নেমেই হারলো প্রোটিয়ারা। 

২৭৭ রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা ৫১-২ স্কোর নিয়ে লাহোরে চতুর্থ দিনের সকাল শুরু করে। কিন্তু তৃতীয় বলেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি জর্জিকে রিভার্স সুইংয়ে এলবিডব্লিউ করে দেন শাহিন শাহ আফ্রিদি, ফেরান ১৬ রানে। এরপর ট্রিস্টান স্টাবস আবারও ব্যর্থ—নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন মাত্র ২ রানে।

এরপর মাঠে নামেন ২২ বছর বয়সীব্রেভিস। শুরুতে শাহিনের গতির ঝড় ও মুভমেন্টে চাপে থাকলেও দ্রুতই কৌশল পাল্টে আক্রমণ শুরু করেন। নোমানের ঘূর্ণি সামলে স্ট্রেট ও মিড-অন দিয়ে মারতে থাকেন নির্ভীকভাবে। মাত্র ৫০ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। তার সঙ্গে জুটিতে প্রোটিয়ারা গড়ে তোলে ৭৩ রান, কিছু সময়ের জন্য মনে হচ্ছিল অসম্ভব কিছু হয়তো ঘটতে যাচ্ছে।

কিন্তু অভিজ্ঞ নোমান আলী তাতে ইতি টানেন এক ‘রিপার’ ডেলিভারিতে। পিচের ফাটল থেকে তীব্র টার্নে ব্রেভিসের স্টাম্প উড়িয়ে দিয়ে ইনিংসে চতুর্থ ও ম্যাচে নিজের দশম উইকেট তুলে নেন। এরপরই ধসে পড়ে দক্ষিণ আফ্রিকা। সাজিদ খান ফেরান রায়ান রিকেলটনকে (৪৫), আর শাহিন শাহ আফ্রিদি রিভার্স সুইংয়ে একে একে কাইল ভেরেইন (১৯), প্রেনেলান সুব্রায়েন ও কাগিসো রাবাদাকে ফিরিয়ে নিশ্চিত করেন পাকিস্তানের জয়।

পুরো ম্যাচে ১০-১৯১ নেয়া নোমান হন ম্যাচসেরা। সহযোগী স্পিনার সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদিও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার ঠিক নিচে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। ২০ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডতে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত