নবাগত ময়মনসিংহকে নিয়ে ২৫ অক্টোবর থেকে শুরু এনসিএল

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরে অষ্টম দল হিসেবে অংশ নেবে ময়মনসিংহ বিভাগ। দশ বছর আগে অষ্টম বিভাগের মর্যাদা পেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পাচ্ছিল না তারা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল এবার।

‎এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ময়মনসিংহকে নিয়েই ২৫ অক্টোবর থেকে চার দিনের এনসিএল লিগ শুরু হবে।

‎ময়মনসিংহের অংশগ্রহণে বাদ পড়েছে ঢাকা মেট্রো। গত ৯ আগস্টের বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত হলেও ঢাকা মেট্রোর আপত্তিতে তা ঝুলে ছিল। ফলে নতুন আসরে কোন দল খেলবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই শঙ্কার অবসান ঘটল আজ।

‎মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ হবে মাত্র দুটি। এ ছাড়া সিলেট ও কক্সবাজারের দুটি মাঠে খেলা হবে। খুলনা বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি ও বগুড়া আছে ভেন্যুর তালিকায়।

‎২৭তম আসরের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে—এবার ম্যাচগুলো দুই ধরনের বলে অনুষ্ঠিত হবে। প্রথম দুই রাউন্ড হবে কোকাবুরা বলে, আর বাকি রাউন্ডগুলো ডিউক বলে। আয়ারল্যান্ডের সংগে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।