জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজি কারখানায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে দুষ্কৃতকারীদের হুমকিতে কারখানার উৎপাদন ও কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সন্ত্রাসীরা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছে। এতে গত সোমবার সকাল থেকে পুরো কারখানার কার্যক্রম অচল হয়ে পড়েছে। মালিকপক্ষ পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালেও এখনো কোনো প্রতিকার মেলেনি।
মুন্সীনাংলা এলাকায় ২৫-৩০ জন দুষ্কৃতকারী এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এসব ঘটনায় গত ৯ অক্টোবর কারখানার সহকারী নির্বাহী কর্মকর্তা রাসেল হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দেন।
কারখানার সহকারী নির্বাহী কর্মকর্তা রাসেল হোসেন জানান, সন্ত্রাসীরা কর্মচারীদের গালাগাল, হুমকি এবং এক নারী শ্রমিককে লাঞ্ছিত করেছে। এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
কারখানার ম্যানেজার নজরুল ইসলাম বলেন, ‘এ প্রতিষ্ঠানটি শতাধিক পরিবারের জীবিকার উৎস। ১০ লাখ টাকা চাঁদা দাবি, কারাখানায় প্রবেশে বাধা ও সন্ত্রাসী কর্মকান্ডে তা ধ্বংসের মুখে পড়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’