চাকসুতে শিবিরের দাপট: ২৬ পদের ২৪টিই তাদের দখলে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস)সহ ২৬টির মধ্যে ২৪টি পদে জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘোষিত অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, শিবির সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর চাকসুর নেতৃত্বে ফিরল এই সংগঠনটি।

তবে শিবির সমর্থিত প্যানেলের বাইরে দুটি পদে জয় এসেছে অন্য প্যানেলের প্রার্থীদের ঝুলিতে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তামান্না মাহবুব প্রীতি।

চাকসুর নির্বাচিত নেতাদের মধ্যে শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন- ইব্রাহিম হোসেন রনি (ভিপি), সাঈদ বিন হাবিব (জিএস), মোহাম্মদ শাওন (খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক), হারেজুল ইসলাম (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), জিহাদ হোসাইন (সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), আবদুল্লাহ আল নোমান (দপ্তর সম্পাদক), জান্নাতুল আদন নুসরাত (সহ-দপ্তর সম্পাদক), নাহিমা আক্তার দ্বীপা (ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক), জান্নাতুল ফেরদৌস রিতা (সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক), মাহবুবুর রহমান (বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক), তানভীর আঞ্জুম শোভন (গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক), তাহসিনা রহমান (সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক), আফনান হাসান ইমরান (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মোনায়েম শরীফ (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক), মেহেদী হাসান সোহান (ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. ইসহাক ভূঁঞা (যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক), ওবায়দুল সালমান (সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক), ফজলে রাব্বি তৌহিদ (আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক) এবং মাসুম বিল্লাহ (পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক)।

এ ছাড়া নির্বাহী সদস্যের পাঁচটি পদেও জয় পেয়েছে একই প্যানেল। বিজয়ীরা হলেন—আকাশ দাশ, আদনান শরীফ, জান্নাতুল ফেরদাউস সানজিদা, সোহানুর রহমান ও সালমান ফারসী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই সাম্প্রতিক সময়ে শিবির সমর্থিত কোনো প্যানেলের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।