ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে সিআইএকে অনুমোদন দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৫ অক্টোবর) ঘোষণা দেন, তিনি ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য সিআইএকে অনুমোদন দিয়েছেন। 

তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার রাজনৈতিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে এসেছে। ট্রাম্প ভেনেজুয়েলার সরকারকে যুক্তরাষ্ট্রে নৌপথে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত করেছেন। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র গত কিছু সময় ধরে আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার জাহাজকে লক্ষ্য করে আঘাত চালাচ্ছে। 

 
তিনি বলেন, ‘এখন আমরা স্থলভাগের দিকে আগাচ্ছি, কারণ সমুদ্র বর্তমানে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।’

ভেনেজুয়েলা সরকার ট্রাম্পের মন্তব্যকে ‘যুদ্ধের উস্কানিমূলক ও অতিরঞ্জিত’ বলে নিন্দা জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্রকে ‘ভেনেজুয়েলার সরকার নামিয়ে তাদের বিশাল তেলভাণ্ডার চুরি করার চেষ্টা’য় অভিযুক্ত করেছে। 

ভেনেজুয়েলার বামপন্থী নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘ক্যারিবিয়ান সাগরে যুদ্ধ নয়…শাসন পরিবর্তন নয়…সিআইএ দ্বারা পরিকল্পিত অভ্যুত্থান নয়’।


 
ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই মাদুরোকে গ্রেফতার ও মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করার তথ্যের জন্য ৫০ মিলিয়ন ডলার (€৪৩ মিলিয়ন) পুরস্কার ঘোষণা করেছে।

এছাড়া তারা বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ তোলার কথা বলেছে।