বিশাখাপত্তনমে নারী বিশ্বকাপে আজ বিশাল চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে নিগার সুলতানা জ্যোতিরা।
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। তবে ফলাফল যেমনই হোক, প্রতিটি ম্যাচেই টাইগ্রেসরা দেখিয়েছে লড়াইয়ের মানসিকতা, দৃঢ়তা ও উন্নতির ইঙ্গিত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার সোবহানা মোস্তারি জানান, তারা নিজেদের শক্তি নিয়েই মাঠে নামবেন, পাশাপাশি আগের ম্যাচগুলো থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাতে চান।
“আগামীকাল আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব। তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা আমাদের শক্তির জায়গাগুলোতে কাজ করছি, পাশাপাশি যেখানে ঘাটতি আছে সেগুলোও ঠিক করার চেষ্টা করছি,” বলেন সোবহানা।
তিনি আরও জানান, দলের ভেতরে ইতিবাচক মানসিকতা বজায় রাখতে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। “আমাদের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট সবসময় উৎসাহ দিচ্ছেন। প্রতিটি ম্যাচেই আমরা শেষ বল পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছি। আমরা মাঠে নামি জেতার জন্য, শুধু সুন্দর খেলার জন্য নয়। আমাদের লক্ষ্য জয়, আর সেটা নির্ভর করবে মাঠে আমাদের খেলার মানসিকতা ও প্রয়োগের ওপর।”
গত চার বছরে একই স্কোয়াড নিয়েই মূলত দলটি খেলছে, আর সেই অভিজ্ঞতাই এখন আত্মবিশ্বাসে রূপ নিচ্ছে বলে মনে করেন সোহানা। “গত চার বছরের দলে বড় কোনো পরিবর্তন হয়নি। তরুণ খেলোয়াড়রা অতিরিক্ত ভাবনায় পড়ে না, তারা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। নিজেদের শক্তির জায়গা থেকেই খেলে।”
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ভালো খেলার পরও কিছু ভুলের কারণে ফল আসেনি। তবে সেগুলো থেকেই শিখে এগিয়ে যেতে চায় দলটি। 'দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের পর দলে কোনো নেতিবাচক আলোচনা হয়নি। সিনিয়র, জুনিয়র, সবাই ইতিবাচক বিষয়গুলো নিয়েই কথা বলেছে—ব্যাটিং, শেষ ১০ ওভারের পারফরম্যান্স, বোলিং—সব দিক নিয়ে। সবাই ইতিবাচকভাবে নিচ্ছে। এতে করে আমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোতে কাজে দেবে।'
অস্ট্রেলিয়ার সঙ্গে চারটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। হেরেছে সবকটিই।
বিশ্বকাপ ফাইনালে ওঠায় যুবাদের মেসির শুভেচ্ছা