খাদ্যবান্ধব কর্মসূচি (ভিডব্লিউবি) প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে জয়পুরহাটের কালাই উপজেলায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৬৬৬ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল জব্দ ও তিনজনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর উপজেলার ২৪ এতিমখানায় জব্দ করা চাল গুলো বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে স্থানীয় বাজারের কয়েকটি ভ্যান ও একটি গুদামে সরকারি চাল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার এবং আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জব্দকৃত চাল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুন্নবীর উপস্থিতিতে জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করে পরে উপজেলার ২৪ টি এতিমখানায় বিতরণ করা হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, ‘সরকারি চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে আমরা অভিযান পরিচালনা করেছি। কয়েকটি ভ্যানে করে সরকারি চাল সরবরাহ হচ্ছিল এসময় ওই তিনটে ভ্যান জব্দর পর গুদামে মজুত করা চালের সন্ধান পাওয়া যায়। সেই সরকারি চাল জব্দ করে তিনজনককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছি জব্দকৃত চাল স্থানীয় ২৪ টি এতিমখানায় প্রায় ২০ টনের মতো চাল বিতরণ করা হচ্ছে।’
ইউএনও আরও জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।