নারী ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচে সোবহানা মোস্তারির অপরাজিত ৬৬ রানে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৮'র পুঁজি পেয়েছিল বাংলাদেশ। তবে অ্যালিসা হিলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ১০ উইকেটে। ১৫১ বল হাতে রেখে। এই জয়ে সেমিফাইনাল স্পট নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার।
হিলি চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন। এর আগে ভারতের বিপক্ষে খেলেছিলেন ১৪২ রানের ইনিংস। আজ হিলি সেঞ্চুরি পূর্ণ করেন ৭৩ বলে। শেষ পর্যন্ত ২০ চারে ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন হিলি। ওয়ানডেতে এটি হিলির সপ্তম সেঞ্চুরি।
হিলির সঙ্গে নামা আরেক ওপেনার ফোবে লিচফিল্ড অপরাজিত থাকেন ৮৪ রানে। তার ইনিংসে ছিল ১২ চার ও ১ ছক্কা।
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অজিদের ওপেনিং জুটি ভাঙতে ৬ জন বোলার দিয়ে চেষ্ট করেছেন। উইকেট না পেলেও বাংলাদেশের বোলাররা ছিলেন খরুচে। রিতু মনি ৭ ওভারে দেন ৫৪ রান। ফারিহা তৃষ্ণা ৫.৫ ওভারে দেন ৪৭ রান।
৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে, এটি জ্যোতিদের টানা চতুর্থ হার।