বিশ্বকাপ শব্দটি আক্ষেপের নাম হয়েছিল হুলেন লোপেতেগুইয়ের জন্য। কাতারকে ২০২৬ বিশ্বকাপের মঞ্চে পৌঁছে দিয়ে সেই আক্ষেপ ভোলার উপলক্ষ পেলেন স্প্যানিশ এই কোচ। বিশ্বকাপ কেন লোপেতেগুইয়ের জন্য আক্ষেপের ছিল তা বুঝতে ৭ বছর পেছনে ফিরতে হবে। তার কোচিংয়ে দারুণ পারফরম্যান্স করে ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল স্পেন। তবে বিশ্বকাপের আগে জানা যায়, রাশিয়া আসর শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন লোপেতেগুই। বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের আগে বরখাস্ত করা হয় কোচ লোপেতেগুইকে। ১৯৯৪ বিশ্বকাপে খেলোয়াড় লোপেতেগুই স্পেনের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। পরে কোচ হিসেবেও বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি। লোপেতেগুই বলেন, ‘মনে হচ্ছে, জীবনে একটি বিশ্বকাপ পাওনা ছিল আমার। সৌভাগ্যবশত, তা পেলাম। আরেকটি বিশ্বকাপে পৌঁছানোর তাড়না আমার ছিল এবং এখানে আসার সিদ্ধান্তের পেছনে সেটি গুরুত্বপূর্ণ ছিল। কয়েক বছর আগে যা হয়েছে, এরপর বিশ্বকাপে যেতে আমি রোমাঞ্চিত এবং এবার কাতারের হয়ে সেই স্বাদ নেওয়ার সময় হলো।’