রাকসুতে শিবির প্যানেল থেকে সনাতন শিক্ষার্থী সুজন জয়ী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। তিনি ওই পদে সর্বাধিক ভোট অর্জন করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সুজন চন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

নিজের নির্বাচনী সাফল্য ও প্যানেল পছন্দের কারণ জানতে চাইলে সুজন জানান, “শিবিরের জোটে আসার মূল কারণ তাদের আদর্শ ও নৈতিক অবস্থান আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, মানবিক মূল্যবোধ ও শিক্ষাবান্ধব উদ্যোগে তারা সবসময় অগ্রণী ভূমিকা রাখে। সেই চিন্তা থেকেই আমি অংশ নিই এবং সহপাঠীদের ভালোবাসায় নির্বাচিত হই।”