এইচএসসি: উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজারের বেশি আবেদন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ এএম

চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘ইংরেজি বিষয়ে সর্বোচ্চ আবেদন’ জমা পড়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তবে ঠিক কতগুলো আবেদন পড়েছে, সে সংখ্যা তিনি জানাতে পারেননি।

রোববার সন্ধ্যায় অধ্যাপক আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জানিয়েছেন। বিষয়ভিত্তিক আবেদনের সংখ্যা ১০ লাখ ৮৭ হাজার ৪১৩।


“এর মধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে, এর পর আইসিটিতে।”

এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনের সময় ১ থেকে ৭ নভেম্বর ধার্য ছিল। শনিবার কারিগরি কিছু ত্রুটির কারণে রোববার দুপুর ১২টা পর্যন্ত সময় বাড়ায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এ বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় ৩১ অক্টোবর।


এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

এর মধ্যে ইংরেজি ও আইসিটি বিষয়েই অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন। শুধুমাত্র ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।

তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার আগামী ১ ডিসেম্বর পরীক্ষায় বসার সুযোগ রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাদের আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার।

এ পর্যন্ত কতজন আবেদন করেছেন, সেই সংখ্যা আবেদন শেষ হওয়ার পর জানা যাবে বলেন অধ্যাপক আক্তারুজ্জামান।

সর্বশেষ সর্বাধিক পঠিত