যশোরে ২০ কলেজের সবাই ফেল

এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় হয়েছে। এ বোর্ডের আওতাধীন ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র পাঁচটিতে শতভাগ পাস করেছে। শতভাগ অকৃতকার্য হয়েছে ২০টি প্রতিষ্ঠানে। মোট পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৫ হাজার ৯৯৫ জন। পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২ হাজার ৫৭৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৬ হাজার ৫০৯ জন।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ২৯ জন। পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ৫১১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ৭৮ হাজার ৭৬৪ জন। এ বছর ফলাফলে যশোরের কোনো কলেজে ফলপ্রাপ্ত পরীক্ষার্থীদের উপস্থিতি নজরে পড়েনি। শিক্ষকরা বলেন, সবাই এখন বাড়ি বসে অনলাইনে ফল সংগ্রহ করছে। তাই কলেজে আসেনি।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড মিলনায়তনে ফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ড. মোসাম্মাৎ আসমা বেগম। এ সময় তিনি বলেন, ‘আমি এটাকে ফল বিপর্যয় বলব না। যে ফল হয়েছে এবার ছাত্র-ছাত্রীরা তাদের যোগ্যতার ভিত্তিতে পেয়েছে। সরকারের নির্দেশনা ছিল নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার, আমরা সেটা করেছি। আমাদের ছেলেমেয়েদের একটা ধারণা ছিল পরীক্ষা দিলেই পাস। আমরা কিন্তু সেই ধারণা থেকে বেরিয়ে আসতে পেরেছি।’

এ বছর যশোর শিক্ষা বোর্ডের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। এদিকে ২০টি কলেজের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে রয়েছে খুলনার চারটি, যশোরের চারটি, মাগুরার চারটি, সাতক্ষীরার তিনটি এবং নড়াইল, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও বাগেরহাট জেলার একটি করে।