হত্যা বন্ধ না করলে হামাসকে নির্মূল করা হবে: ট্রাম্প

গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যকলাপ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, হামাস যদি সেখানে হত্যাকাণ্ড অব্যাহত রাখে, তবে তিনি তাদের ‘নির্মূল করতে বাধ্য হবেন’।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তির অংশ ছিল না, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের নির্মূল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন গাজায় সম্প্রতি হামাস এবং ইসরায়েল-সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। যদিও ট্রাম্প তার মন্তব্যের সমর্থনে সুনির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ করেননি।

দীর্ঘ দুই বছর ধরে চলা সংঘাতের পর গত শুক্রবার (১০ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। আল জাজিরার খবর অনুযায়ী, উপত্যকাটিতে এখন কেবল ধ্বংসস্তূপের স্তূপ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দুই বছরের অবিরাম বোমাবর্ষণে প্রায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ জমেছে, যা প্রায় ১৩টি পিরামিডের ওজনের সমান।

গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, এই বিশাল ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা পড়ে আছে। এর পাশাপাশি, যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা, যাতে একদিনে আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।