বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে এই যাত্রা বলে জানা গেছে। এ কারণে তিনি ঠাকুরগাঁওয়ে নির্ধারিত দুটি সাংগঠনিক কর্মসূচি বাতিল করেন।
সকালে নিজ বাড়ি শহরের তাঁতিপাড়া থেকে তিনি সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখান থেকে বিমানে ঢাকায় যান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ। তিনি জানান, “জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে মহাসচিব ঢাকায় যাচ্ছেন।
এ জন্যই ঠাকুরগাঁওয়ের কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।”
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ বলেন, “শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুটি বৈঠক থাকার কথা ছিল—একটি আলেম-ওলামাদের সঙ্গে এবং অন্যটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময়। তবে জুলাই সনদকে ঘিরে তিনি দ্রুত ঢাকায় রওনা দেন, ফলে কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে।”