ইসলামী আন্দোলন বাংলাদেশকে ‘স্বৈরাচারী শক্তির সহযোগী’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে উপজেলা গণতান্ত্রিক যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তোলেন।
ড. রেদোয়ান আহমেদ বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল অতীতে শেখ হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের সহযাত্রী ছিল। যারা একনায়কতন্ত্রকে সমর্থন করেছে, তাদের জন্য কোনো আলাদা রাজনৈতিক ছাড় দেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “২৬টি সংগঠন স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল—যার মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল, জাতীয় পার্টির বিভিন্ন অংশ এবং চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও ছিল। যারা অতীতে স্বৈরাচারের অংশ ছিল, তাদের আজ রাজনীতি করার অধিকার দাবি করা বেমানান।”
তিনি এ সময় আহ্বান জানান, “যেভাবে স্বৈরাচারকে সহযোগিতা করা দলগুলোকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, ঠিক তেমনি চরমোনাইয়ের পীর ও তার দলকেও নিষিদ্ধ করা প্রয়োজন।”
সম্মেলনে উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।