বার্সেলোনা ছাড়লে লেভানডফস্কিকে দলে চায় আতলেতিকো মাদ্রিদ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি আগামী মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন— এমন জোরালো ইঙ্গিত মিলছে কাতালান গণমাধ্যমে। এই সুযোগটি কাজে লাগাতে আগ্রহী প্রতিদ্বন্দ্বী ক্লাব আতলেতিকো মাদ্রিদ। তারা ২০২৬ সালে এই পোলিশ ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।

বার্সেলোনায় লেভানডফস্কির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের জুনে। কিন্তু তার বয়স এখন ৩৭। কোচ হান্সি ফ্লিক ইতোমধ্যে তাকে ধীরে ধীরে মূল একাদশ থেকে সরিয়ে দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে ফেররান তরেসকে দলে অগ্রাধিকার দেওয়ায় বোঝা যাচ্ছে— কাতালান ক্লাবে অভিজ্ঞ এই স্ট্রাইকারের সময় প্রায় ফুরিয়ে এসেছে।

‘ফোর্বস’ ও স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ত’ জানাচ্ছে, লেভানডফস্কির সঙ্গে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাবগুলো যোগাযোগ করলেও তিনি এখনো ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যেতে চান। তার প্রথম পছন্দ বার্সেলোনায় থাকা। তবে নতুন চুক্তি না পেলে তিনি ইউরোপের অন্য কোনো বড় ক্লাবে যোগ দিতে পারেন।

আতলেতিকো মাদ্রিদ সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনা থেকে বেশ কয়েকজন ফুটবলারকে দলে নিয়েছে। বিশেষ করে লুইস সুয়ারেজকে ২০২০ সালে কাতালুনিয়া থেকে এনে ২০২১ সালে লা লিগা শিরোপাও জিতেছিল। সেই সফল ইতিহাস মাথায় রেখে এবারও অভিজ্ঞ স্ট্রাইকার লেভানডফস্কির দিকে নজর দিয়েছে ক্লাবটি।

এছাড়া আলেকজান্ডার সরলথকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আতলেতিকো আগামী মৌসুমে নতুন স্ট্রাইকার খুঁজছে। ক্লাব মনে করছে, অভিজ্ঞ লেভানডফস্কি হতে পারেন আদর্শ বিকল্প। বার্সার হয়ে দুই মৌসুমে ৭০টিরও বেশি গোল করেছেন লেভানডফস্কি। সেইসঙ্গে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে ভূমিকা রেখেছেন। তবে বয়স ও ইনজুরির কারণে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স কিছুটা নেমে এসেছে।